
মোঃসুজন আহমেদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল। প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজের ওপর উঠেছিলেন তারা। এ সময় হঠাৎ একটি ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply