। সোহেল চৌধুরী, স্ট্যাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহন ও বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গোল্ডেন লাইন পরিবহনের চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা।শুক্রবার (২৪ জুলাই) ভোর আনুমানিক ৫ টার সময় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কোটচাঁদপুর থানার পেছনে আম বাজার মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাত ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৩-২৬৩৭)। পথিমধ্যে বাসটি কোটচাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আরও পাঁচজন যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে রওনা হয়। আম বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি বালুভর্তি ড্রাম ট্রাক বাসটিকে সজোড়ে ধাক্কা দেয়।বিকট শব্দে ঘটা এই সংঘর্ষে গোল্ডেন লাইন পরিবহনের সামনের অংশ এবং বড় গ্লাস দুমড়ে-মুচড়ে সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে বাসের চালক আশানুর রহমান (৪০) (পিতা ও ঠিকানা অজ্ঞাত, কোতোয়ালি থানা, যশোর) গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তবে অলৌকিকভাবে বাসে থাকা যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি; তারা সবাই নিরাপদ রয়েছেন।ঘটনার পরপরই চালক আশানুর রহমান চিকিৎসার উদ্দেশ্যে দুর্ঘটনাস্থল ত্যাগ করে অন্য একটি গাড়িতে করে চলে যান। অন্যদিকে, দুর্ঘটনার ঘটানো বালুভর্তি ড্রাম ট্রাকটির চালক অত্যন্ত কৌশলে গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত সড়কের যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পালিয়ে যাওয়া ড্রাম ট্রাক ও এর চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।