নিজস্ব প্রতিবেদক | দীর্ঘ ছয় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এক নারী। ২০২০ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর থেকে দেশে-বিদেশে চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবারের প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে। স্বামীর সহায়তায় এতদিন চিকিৎসা চালিয়ে এলেও বর্তমানে আর্থিক সংকট চরমে পৌঁচেছে। এমন অবস্থায় নিজের নামে এবং পৈতৃক সূত্রে প্রাপ্য সম্পত্তি ফিরে পেলে চিকিৎসা চালিয়ে যেতে পারবেন বলে আশা করলেও, সেই সম্পত্তি বুঝে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগীর দাবি, রামু উপজেলা-এর নোনাছড়ি মৌজা ও জোয়ারিয়ানালা মৌজা এলাকায় তার নিজের নামে এবং পৈতৃক সূত্রে একাধিক জমি রয়েছে। এসব জমির খতিয়ান, দলিল এবং ওয়ারিশ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র তিনি সংগ্রহ করেছেন। তবে জমিগুলোর অবস্থান নিজে সঠিকভাবে না চেনায় পরিবারের সহযোগিতা প্রয়োজন। তার অভিযোগ, তার ভাই গোলাম কবির দীর্ঘদিন ধরে জমির অবস্থান দেখিয়ে দেওয়া এবং প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা করছেন না। একাধিকবার অনুরোধ করেও কোনো সমাধান না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। ভুক্তভোগীর ভাষ্য, গোলাম কবির ((রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি) রাজনৈতিক প্রভাব কাটিয়ে অসুস্থতার সুযোগ নিয়ে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় নিজের সম্পত্তির অধিকার ফিরে পাওয়া তার জন্য অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন, যাতে জমির প্রকৃত মালিকানা ও সীমা নির্ধারণ করে আইন অনুযায়ী তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত গোলাম কবিরের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই প্রতিবেদক তার মন্তব্য নিতে সক্ষম হননি।