
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের ধারাবাহিকতায় নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। গোপন ব্যালটে রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আক্তার হোসেন এবং পৌরসভা শাখার আমির নির্বাচিত হয়েছেন নূর হোসেন রিয়াজ।
রোববার (১৫ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা রুকন সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাটখিল উপজেলার ১৩০ জন রুকন তাঁদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা ও পৌরসভা শাখার নতুন আমির নির্বাচন করেন।
নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আক্তার হোসেন এর আগে চাটখিল পৌরসভা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবনির্বাচিত পৌরসভা আমির নূর হোসেন রিয়াজ এর আগে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে চাটখিল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মহিউদ্দিন হাসান নোয়াখালী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৩ নভেম্বর (শুক্রবার) নোয়াখালী সদরের আল-ফারুক স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা আমির নির্বাচনের পাশাপাশি চাটখিল উপজেলা ও পৌরসভা শাখার নবনির্বাচিত দুই আমির জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন।
নবনির্বাচিত পৌরসভা আমির নূর হোসেন রিয়াজ জানিয়েছেন, প্রাথমিকভাবে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংগঠনের অন্যান্য পদে নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।