শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন (২০) নামে এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানাধীন বড় শিবপুর যদুপাড়া গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাছ ধরার তৌরা জাল ২০০ টাকা মূল্যে বন্ধক রাখাকে কেন্দ্র করে মুস্তাকিনের সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা মুস্তাকিন ও তার মাকে তার নিজ খলিয়ানে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ধামইরহাট থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ সুপারের তত্ত্বাবধানে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে পাঁচ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. রতন হোসেন (২২), ২. মো. সাইদুল ইসলাম (২৪), ৩. আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মো. হাসান (১৪), তিনজনের পিতা আব্দুল জলিল, ৪. মোছাম্মৎ রোকেয়া বেগম (৫৫), ৫. মোছাম্মৎ জাকিয়া বেগম (১৯)। পুলিশের অভিযানে সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামি সাইদুর ইসলামের দেখানো মতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।