। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার রাণীনগরে অভিযান চালিয়ে ৪০টি (৮০০ মিটার) অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার দাম আনুমানিক মূল্য ২ লাখ টাকা। গত বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উদ্ধারকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, দিন দিন উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার পরিমান ব্যাপক বেড়ে গেছে। অবৈধ এই জাল প্রতিরোধের জন্য মৎস্য অফিসে জনবল সংকট বিদ্যমান থাকা স্বত্বেও প্রায়শই উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে জনবল বেশী থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি করে পরিচালনা করা সহজতর হতো এবং এই নিষিদ্ধ জালের ব্যবহার ও অনেকটা কমানো যেতো । উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে বলে ও জানান এই কর্মকর্তা। এই চায়না দুয়ারী / ভূত/ রাক্ষসী জালের কারনে দেশীয় মাছের বৃদ্ধি, ও প্রজাতি হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে।