নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর মডেল থানার অভিযানে চোরাই অটোরিকশাসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ পৌরসভার উকিলপাড়া এলাকায় ডিবি অফিসের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়ে যায়।
পরে অটোরিকশার মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাই অটোরিকশাটি নিয়ে দুই ব্যক্তি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর এন্টিতলা বাজার এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মন্টু (৩৩), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- সরিজপুর দক্ষিণপাড়া এবং মোঃ সবুজ (৩২), পিতা-মৃত নাজিম উদ্দীন, সাং- পার নওগাঁ সরদারপাড়া। উভয়ের বাড়ি নওগাঁ জেলায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণ চুরি হওয়া অটোরিকশা দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করায় নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন