শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর থানাধীন নওজোয়ান মাঠ থেকে মুক্তির মোড় শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার একাংশের উদ্যোগে নবগঠিত জেলা কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে ) রাত ৮টা ২০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে প্রায় ২০০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সোহাগ, মোঃ আল আমিন বাদশা, মোঃ আজিজুল ইসলাম, মোঃ জুনায়েদ হোসেন এবং এ কে মোঃ হানিফ।
বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটি একতরফা, অগণতান্ত্রিক এবং সিন্ডিকেট নির্ভর। তারা দাবি করেন, প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে উত্তেজিত কর্মীরা মুক্তির মোড়ে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা চালায়। এতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরে নেতৃবৃন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয় এবং অংশগ্রহণকারীরা নওজোয়ান মাঠে ফিরে যান।
এদিকে, কর্মসূচি শেষে কিছু নেতাকর্মী বিচ্ছিন্নভাবে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।
নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।