শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ভরতর কাঠের ডাঙ্গা এলাকায় পারিবারিক সদস্যদের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার আসরের নামাজের পর আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, তারা বাড়ির সামনে রাস্তার পাশের বাগানে বসে ধানের কাজ নিয়ে পারিবারিকভাবে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পিছন দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় মোঃ আতিকুর রহমান আতিক গুরুতর আহত হন। তাকে দা দিয়ে কোপ মারলে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান হাতে গভীর জখম হয়। পরে হাসপাতালে তার হাতে ১৬টি সেলাই দিতে হয়। এছাড়াও হামলায় তার বোন লাবনী আক্তারের পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা ভেঙে যায় বলে পরিবার দাবি করেছে। তাদের বাবা হাতেম আলী মন্ডলকেও মারধর করে হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। মা মৌসুমীকেও মারধর করে আহত করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা লাবনী আক্তারের গলায় থাকা সোনার চেন, হাতের আংটি, মায়ের কানের দুল ও পায়ের নুপুর লুট করে নিয়ে যায়। একই সঙ্গে প্রায় ৪০ মণ ধানও নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।