। রিজওয়ান, নওগাঁ। নওগাঁর পোরশা উপজেলায় রাতের আঁধারে পুকুরে ক্ষতিকর বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এই নিধনযজ্ঞে পুকুরে থাকা রুই, কাতলা, মৃগেল , সিলভার কার্প সহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান মাছ মরে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। প্রকাশ থাকে যে, সোমবার (৩১ আগস্ট) উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সারাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিক নুর হোসেন, পিতা-মৃত আক্তার হোসেন জানান, তাদের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক সম্পত্তির ওপর অবস্থিত ওই শরিকানা পুকুরে দাদার আমল থেকে ঐতিহ্যগতভাবে ম ৎস চাষ করে আসছেন তারা। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরটিতে গিয়ে তিনি দেখতে পান,অসংখ্য পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে। নুর হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরেই রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে এই অঘটন ঘটাতে পারে। বিষ প্রয়োগের ফলেই পুকুরের বিভিন্ন প্রজাতির চাষ করা মাছ মারা গেছে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পোরশা থানার দ্বারস্থ হবেন বলে ও জানা যায়।