প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
নওগাঁয় যুব জামায়াতের উদ্যোগে ফল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের চকপ্রসাদ স্কুল মাঠে ৬নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে ফল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্থানীয় যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের চর্চা গড়ে তোলার লক্ষ্যে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন। ৬নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, নওগাঁ পৌর জামায়াতের আমীর ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর ও নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হাবিবুর রহমান, নওগাঁ পৌর যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট এস. এম. জোবায়ের এবং ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মো. গোলাপ হোসেন। বক্তারা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত, নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বিনোদনের বিকল্প নেই। পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ফল উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2019 agamirdarpon.com