
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সবজি ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে, নওগাঁ সদর থানার কাদিমপুর গ্রামের বাসিন্দা এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি তাঁর সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে একটি গাঁজার গাছ জব্দ করা হয় এবং এনাজুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।