শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশা থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ১ মে ২০২৬ তারিখ রাতে পোরশা থানাধীন সরাইগাছি থেকে আড্ডা গামী মহাসড়কের মুশিদপুর হাটের মুখে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন—শান্ত রায় (৩০), পিতা: মৃত রাজেদ রায়, মাতা: মালা রায়, গ্রাম: মুশিদপুর এবং হাসান আলী (২৭), পিতা: মৃত সিদ্দিক আলী, মাতা: আঞ্জুয়ারা বেগম, গ্রাম: বাকইল, থানা: পোরশা, জেলা: নওগাঁ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।