শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি অভিযানে জব্দ করা হয়েছে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি পিসি ও বিপুল পরিমাণ অনলাইন জুয়ার সরঞ্জাম। জানা যায়, গত ১৪ মে রাতে এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও ওসি খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার ও মানুষকে জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় মূল হোতা সোহেল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করে পুলিশ। এরপর ১৫ মে ভোররাতে দিনবনি হাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা গভীর রাতে অনলাইনে জুয়ায় অংশ নিচ্ছিল বলে জানায় পুলিশ। অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১৫টি মোবাইল, ১১টি পিসি, ১১টি মনিটর, কিবোর্ড ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেন হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সমাজকে এসব অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”