শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, স্থিতিশীল ও জনবান্ধব করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলার উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।