শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর এলাকার বাসিন্দা সুলতানা রাজিয়া তার মাকে সঙ্গে নিয়ে লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির মূল ফটকে তালা লাগানোর মুহূর্তে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আঃ আলীম (৫০) ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছ থেকে নগদ টাকা থাকা ব্যাগ এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযানে নামে সদর থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আঃ আলীমকে ব্যবহৃত ধারালো হাসুয়াসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।