শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার সুলতানপুর জেলে পাড়ায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় কয়েকদিন ধরে সংঘর্ষ ও আতঙ্কের ঘটনা ঘটছিল। এসব ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে ১৯ এপ্রিল রাত থেকে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১) মোঃ সোহাগ হোসেন (৩০), পিতা: মৃত আদম আলী বাবু ২) মোঃ শাহীন আলম (২৭), পিতা: মোঃ জুয়েল হোসেন ৩) মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭), পিতা: মোঃ মোখলেছুর রহমান তাদের সবার বাড়ি সুলতানপুর জেলে পাড়া, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ। গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এসব অস্ত্র ব্যবহার করে তারা গত কয়েকদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।