শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পার আধাইপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত সৌখিন (২৫)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছি থানাধীন পার আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় এক নারীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। নিহতের নাম তাহমিনা ওরফে রেবা। তিনি ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার বিষয়টি জানার পর নওগাঁ জেলার পুলিশ সুপার বদলগাছি থানাকে দ্রুত মামলা রুজু করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে বিশেষভাবে তদন্তে নেমে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়। পরে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত, সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে। এরপর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ডিবির বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে সৌখিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সৌখিন তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতেও ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।