শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মোটরসাইকেলযোগে মাদক বহনকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) ও শ্রী গুরুপদ কর্মকার (২৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদক প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।