
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী
(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে” দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, র্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ মার্চ সকাল এগারোটায় দুর্যোগ প্রস্তুতি দিবসের একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
এরপর ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
মহড়া শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম বক্তব্য রাখেন।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply