ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাল দলিল সৃজন করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখল এবং ওই জমি বন্ধক রেখে একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাঁয়তারা ও ভূমি দস্যুতার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভালুকা প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন, মৃত ছফির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন। এই সময় উপস্তিত ছিলেন, আব্দুল হান্নান ঢালীর ছেলে রিমেল, জাকির হোসেনের স্ত্রী হালিমা আক্তার, মোফাজ্জল হোসেন স্ত্রী আসমাউল হোসনা, আলম ও মাহফুজ। এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে করেন, উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে আঃ মান্নান, জাকির হোসেন, সাকির হোসেন ও আলম হোসেন এবং ছফির উদ্দিনের নাতি ওয়াহাব মিয়া। ওই সম্মেলনে, জাল দলিল সৃজন করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখল এবং ওই জমি বন্ধক রেখে একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাঁয়তারা ও ভূমি দস্যুতার অভিযোগ করেন এমপি বাচ্চুর বিরুদ্ধে। সম্মেলনে তারা জানান, ভালুকা উপজেলার বাশিল মৌজার মদন শেখের ছেলে মৃত ছফির উদ্দিনের ৮টি দাগে মোট ২ একর ৯৬ শতাংশ জমি জাল দলিল সৃজনকরে এই জমি ফকর উদ্দিন আহমেদ বাচ্চুর মালিকানাধীন প্রতিষ্ঠান ভাওয়াল ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন লিঃ এর অনুকূলে নাম খারিজ করে প্রিমিয়ার ব্যাংক বনানী শাখায় বন্ধক রেখে এমপি বাচ্চু মোটা অংকের টাকা ঋণের আবেদন করেছেন। সম্মেলনে জানানো হয়, জাল দলিল সৃজনে এমপি বাচ্চুর সহযোগী হিসেবে কাজ করেছেন, দলিলের সনাক্তকারী জিয়াদ হোসেন শাকিল ঢালী, দলিল লিখক সাইফুল আলম খান, স্বাক্ষী কায়সার ও হেলাল উদ্দিন। এমপি বাচ্চুর হাত থেকে বাপ-দাদার ভিটেবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন ভূক্তভোগীরা। এদিকে এমপি বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে ভালুকায় সংবাদ সম্মেলনে দাবী করেন, মোফাজ্জল হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বা তার পরিবারের কেউই ভাওয়াল কনস্ট্রাকশনের নামে জমি বিক্রি বা কোনো দলিল করে দেননি। তবে শাকিল ঢালী ও তার সহযোগিরা ভুয়া দাতা সাজিয়ে ওই দলিল সৃজন করেছেন বলে অভিযোগ করেন তিনি। সম্মেলনে মোফাজ্জল হোসেন জানান, তারা খারিজ বাতিলের জন্য মিসকেইস এবং আদালতে দলিল পন্ডের মোকদ্দমাও করবেন।