।। যাদব চন্দ্র রায়, নির্বাহী পরিচালক, সিডিসি, দিনাজপুর।। প্রতি বছর ১২ জুন বিশ্বব্যাপী পালিত হয় “বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস”। ২০০২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এই দিবসের প্রবর্তন করে, যার লক্ষ্য শোষণমূলক শ্রমে জড়িত শিশুদের দুর্দশা তুলে ধরা এবং শিশুশ্রম বন্ধে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা। এবারের প্রতিপাদ্য— “শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্য সুযোগ, প্রাপ্তবয়স্কদের জন্য সম্মানজনক কাজ।” বর্তমানে বিশ্বে প্রায় ১৩৮ মিলিয়ন শিশু বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত। এর মধ্যে প্রায় ৫৪ মিলিয়ন শিশু এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত, যা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি। দারিদ্রতা ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশে ৩৫ লক্ষ শিশু শ্রমে নিয়োজিত তার মধ্যে ১০ লক্ষের অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু শ্রম কোনো শিশুর ভবিষ্যৎ হতে পারে না। প্রতিটি শিশুর অধিকার নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, সুস্থ বিকাশ ও স্বপ্ন দেখার সুযোগ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আসুন শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সচেতন হই এবং শিশুদের জন্য নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ নিশ্চিত করি।