আব্দুর রহিম (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে জনাব মো. খালেক মাসুদকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), জনাব মো. তাহির আলীকে সাধারণ শিক্ষক সদস্য এবং জনাব মো. জিয়াউর রহমানকে অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
এদিকে নতুন এডহক কমিটি গঠনের ফলে বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন, জবাবদিহিতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।