নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছেন এক তরুণ।
মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম নামের ওই যুবক নিজ উদ্যোগে এই মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, একটি বিদেশি সংস্থার আর্থিক সহযোগিতায় শরিফুল ইসলাম দুই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারগুলোর সন্ধান করেন।
পরে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী ও দিনমজুরদের তালিকা তৈরি করে তাদের মাঝে ৩০০ এবং ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
নগদ অর্থ সহায়তাপ্রাপ্ত বেশ কয়েকজন দিনমজুর ও অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই সংকটকালীন সময়ে এই সামান্য অর্থটুকু আমাদের দৈনিক চাল-ডাল কেনার কাজে অনেক বড় সাহায্য করবে।
আমাদের কথা চিন্তা করে যারা এই টাকা পাঠিয়েছেন এবং যিনি কষ্ট করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
অর্থ বিতরণ প্রসঙ্গে তরুণ শরিফুল ইসলাম বলেন, "আমাদের সমাজে অনেকেই আছেন যারা দিনে এনে দিনে খান, বর্তমান পরিস্থিতিতে তারা খুব কষ্টে দিনাতিপাত করছেন।
একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছিল।
আমি চেষ্টা করেছি প্রকৃত হকদার ও অসহায় মানুষের কাছে যেন এই আমানত সঠিকভাবে পৌঁছায়। আগামীতেও এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
এলাকার সচেতন মহল তরুণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের অন্য সামর্থ্যবান ও যুবসমাজকে এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।