শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা সহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহন পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের চিহ্নিত মাদক চোরাচালানি ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইসরাফিলসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস অবৈধ ভারতীয় ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা। এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, "মাদক, মানবপাচার ও সীমান্তবর্তী এলাকায় সব ধরনের চোরাচালান রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এসব অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।