
চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী (সিএন্ডবি) বাজারে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই জুনাইদ হাসান (৬) নামে কেজি শ্রেণির একজন শিশু শিক্ষার্থী নিহত হয়।
অপরদিকে রাজিব রিফাত নামে আরেকজন ছাত্র গুরুতর আহত হয়।
এঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসীসহ শিক্ষার্থীরা ঘটনার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ও যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী (সিএন্ডবি) বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জুনাইদ হাসান (৬) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশডাঙ্গী গ্রামের জুয়েল হাসানের ছেলে ও আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট ও গোল্ডেন হোপ স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস শিক্ষার্থীবাহী একটি ভ্যানকে ধাঁক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনাইদ হাসান (৬) নিহত ও রাজিব রিফাত নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা গুরুতর আহত রাজিব রিফাতকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘটনার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দূর্ঘটনায় দোষী চালকের বিচারসহ ওই স্থানে স্প্রীড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইদিকে অনেক গাড়ি আটকা পড়ে এবং সড়কে চলাচলরত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ও থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহত স্কুল ছাত্রের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা মরদেহ দাফনের জন্য দেয়া হয়েছে ও স্কুলের সামনে স্প্রীড ব্রেকার দেয়ার আশ্বাস ও স্প্রীড ব্রেকারের কাজ শুরু করা হলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন”।
এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply