
রিজওয়ান নওগাঁ। নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২.৮৯০ কেজি ওজনের দুষ্প্রাপ্য ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৮ এমপি হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি পার্বত্য মূর্তি (পায়ের অংশ ভাঙা) যার ওজন ১৪.৯২০ কেজি। উদ্ধারকৃত মূর্তিগুলোর মোট ওজন ৫২.৮৯০ কেজি। পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply