
শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১১ জুলাই নওগাঁ সদর মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ৪৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুইশা ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদসহ বিকাশ চন্দ্র (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার হাপানিয়া এলাকার একে নাথের ছেলে। একই দিনে আরেকটি অভিযানে নওগাঁ শহরের নুনিয়া পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদসহ শ্রী কার্তিক মহন্ত (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত গোপাল মহন্তের ছেলে এবং চকদেব নুনিয়া পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply