
. শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ শহরের মুক্তির মোড়ে জেলা শিক্ষা অফিসের সামনে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মো. রাফিউল বারী রাজন। এছাড়া উপস্থিত ছিলেন সাদিয়া রহমান, নাঈম আহমেদ, জিয়াদ হোসেন, সামিউর আহমেদ রহিম, মহাসিনা ফারহানা ও বিপ্লব মণ্ডলসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বক্তারা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, কুমিল্লার বন্যাকবলিত এলাকার বহু পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে দাবি করে শিক্ষা মন্ত্রী আবু নছর মোহাম্মদ এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। সমাবেশে শিক্ষার্থীরা “এক দফা, এক দাবি—শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাই”, “জাস্টিস ইজ জাস্টিস”, “সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বক্তারা ঘোষণা দেন, শিক্ষা মন্ত্রীর নওগাঁ সফর অনুষ্ঠিত হলে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুক্তির মোড় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এদিকে কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সমাবেশে আনুমানিক ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Leave a Reply