
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি এবং জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মশিউর রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জীবননগর শহরের থ্রি স্টার রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, তিনি জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। দীর্ঘদিন সুনামের সঙ্গে সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি সাধারণ জীবনযাপন করছেন। তার দাবি, তিনি কোনো ধরনের চাঁদাবাজি, জঙ্গিবাদ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি অভিযোগ করেন, গত ৩০ জুন ‘এসএমএম’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার কাছে বার্তা পাঠিয়ে তার বিরুদ্ধে ‘জঙ্গিবাদ’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ধারী মো. শামীম হোসেন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। তার নিয়ন্ত্রণাধীন ‘বাংলা এডিশন’ নামের একটি পত্রিকায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মশিউর রহমানের দাবি, এসব ঘটনার পেছনে রয়েছে তাদের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। তিনি জানান, ২০২৪ সাল থেকে একই গ্রামের মো. আলমের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, জমি ছেড়ে দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে রাজি না হওয়ায় তাকে প্রশাসনিক হয়রানি, মিথ্যা মামলা এবং সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে মো. মশিউর রহমান চুয়াডাঙ্গা জেলা পুলিশ, সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের প্রতি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply