
. শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ জুলাই রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ভাড়া বাসায় ডেকে এনে মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করত। এরপর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত। গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান বাঁধন (২৬), মো. মমিনুর ইসলাম (২২), রুমা খাতুন (২০) এবং সাদিয়া আক্তার মায়া (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ জানায়, এ চক্রের আরও সদস্য রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হানিট্র্যাপের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে তিনি তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রলোভনে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
Leave a Reply