
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ৮৩, ঝিনাইদহ-৩ আসনের এমপি মোঃ মতিয়ার রহমান-এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাহাউদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, ইজি বাইক ও জলমহাল ঘিরে চাঁদাবাজি, রেজিস্ট্রি অফিসের অনিয়মসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “কোটচাঁদপুর আমার এক চোখ, মহেশপুর আমার আরেক চোখ দুই চোখের জন্যই সমান দায়িত্ব ও ভালোবাসা।
দীর্ঘ ৩৯ বছর ধরে এ জনপদের অলিগলিতে চলাচলের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান যানবাহন ও আবাসন সংকটের বিষয় তুলে ধরে থানাকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা চান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডা. হেলেনা আক্তার নিপা স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রশাসনের পক্ষ থেকে চলমান কার্যক্রমের কথা জানান।
এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে সাত্তার খান, এটিএম খাইরুল আলম, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল আলমসহ অনেকে।
মহেশপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, নায়েব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের মোটরসাইকেল ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ভবনের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়
Leave a Reply