
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবা ও ছেলেকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার খয়েরহুদা রিফিউজি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম (৩০) বাদী হয়ে চারজনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে খয়েরহুদা আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় একটি জমির মাপজোক চলছিল।
এ সময় জমির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।
বাদীপক্ষের দাবি, খয়েরহুদা রিফুজি পাড়ার ইব্রাহিম মল্লিকের দুই ছেলে আব্দুর রহমান (৬০) ও মজিরুল ইসলাম (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৮) এবং মজিরুলের ছেলে মুন্না মিয়া (২০) জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। এতে তরিকুল ইসলাম ও তাঁর বাবা আমির হোসেন বাধা দিলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
একপর্যায়ে মুন্না মিয়া বৃদ্ধ আমির হোসেনের মুখে ঘুষি মারলে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার সময় তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
আহতদের ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করেন।
পরে আহত বাবা-ছেলেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply