
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পারিবারিক কলহ ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে মনিরা (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন (৩৪)-কে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসা নেওয়ার জন্য মনিরা তার বোনকে সঙ্গে নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের পিছু পিছু সেখানে পৌঁছান তার স্বামী ফরহাদ হোসেন। একপর্যায়ে কৌশলে হাসপাতালের সামনের একটি দোকান থেকে একটি স্টিলের ছুরি কিনে হাসপাতালে প্রবেশ করেন তিনি। হাসপাতালের পরিবার কল্যাণ পরিদর্শিকা কক্ষের সামনের বারান্দায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদ হোসেন ক্ষিপ্ত হয়ে মনিরার বাম বক্ষের নিচে ও পেটের বাম পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ধস্তাধস্তির সময় মনিরার ডান হাতেও গুরুতর জখম হয়। মনিরার বোনের চিৎকার শুনে ছোট বোন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতের চেষ্টা করেন অভিযুক্ত। পরে গুরুতর আহত মনিরাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মাসুদ বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply