
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা থানা পুলিশের অভিযানে একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধার করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ১নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে জনৈক রহমতের বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে অভিযান চালানো হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে রাত ১১টা ৫ মিনিটে কবরস্থানের একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় হিন্দুধর্মীয় দেবতার কষ্টিপাথরের একটি মূর্তি পাওয়া যায়। মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি।
উদ্ধারকৃত মূর্তিটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক শতাব্দী বা তারও প্রাচীন একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply