
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি শিক্ষক নিহতের ঘটনায় আন্দোলনের মুখে বন্ধ ও সিলগালা হওয়া নওগাঁ সদর উপজেলার বিতর্কিত ‘বিবিসি ব্রিকস’ ইটভাটাটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার প্রায় পাঁচ মাস পর অবৈধ এই ইটভাটায় আবারও ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জনবসতি ও প্রধান সড়কের পাশেই অবস্থিত ‘বিবিসি ব্রিকস’ নামের ইটভাটাটিতে নতুন করে কার্যক্রম শুরু করার তোড়জোড় চলছে। ভাটায় ইট পোড়ানোর জন্য চুলা প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হন। তিনি স্থানীয় শাহীন হোসেনের ছেলে এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। মোটরসাইকেলে করে পড়াতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে বিবিসি ব্রিকসে হামলা চালিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) আগুনে পুড়িয়ে দেয়। পরে তারা নওগাঁ-বদলগাছী মহাসড়ক অবরোধ করে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে বিবিসি ব্রিকসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, এর চুল্লি ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি সিলগালা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, এত কিছুর পরও প্রভাবশালী মহলের আশ্রয়ে মালিকপক্ষ আইন ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে আবারও ভাটাটি চালুর চেষ্টা করছে। এ বিষয়ে বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জরিপ অনুযায়ী নওগাঁ জেলায় সচল ১৫০টি ইটভাটার মধ্যে ১২৫টিরই পরিবেশগত ছাড়পত্র নেই। ‘বিবিসি ব্রিকস’ও ওই অবৈধ ইটভাটাগুলোর একটি। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, “ভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। শিক্ষক নিহতের ঘটনার পর এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি পুনরায় চালুর চেষ্টা হচ্ছে বলে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।” স্থানীয়দের দাবি, এই ইটভাটার ট্রাক্টরের কারণে আগেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। পুনরায় ভাটা চালুর খবরে এলাকায় নতুন করে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তার স্বার্থে ‘বিবিসি ব্রিকস’ চিরতরে বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply