
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে থাকা পথহারা দুই অবুঝ শিশুকে উদ্ধার করে নিরাপদে তাদের পিতার জিম্মায় ফিরিয়ে দিয়েছে মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় জনতা। উদ্ধার হওয়া শিশুরা হলো সুমাইয়া (৮) ও সনিয়া (৫)। তারা দুজনেই মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর (মাঠপাড়া) গ্রামের বাসিন্দা মো. নাসিরুদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর বাজার এলাকায় দুই শিশুকে একা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় সচেতন লোকজনের। পরে তারা শিশু দুটির কাছে গিয়ে নাম-ঠিকানা জানতে চাইলে তারা নিজেদের পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনি। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসেন।
থানায় পৌঁছানোর পর পুলিশ সদস্যরা শিশুদের নাম ও প্রাথমিক তথ্য নিয়ে আশপাশের এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালান। পুলিশ ও স্থানীয়দের এই যৌথ ও দ্রুত তৎপরতার সুফলও মেলে দ্রুতই। প্রচারের মাধ্যমে নিখোঁজ শিশুদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বাবা মো. নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলেই দুই কন্যাশিশুকে তাদের বাবা মো. নাসিরুদ্দিনের হাতে অক্ষত ও নিরাপদে তুলে দেওয়া হয়। সন্তান দুটিকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাদের বাবা। মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের এমন মানবিক ও সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও শিশু দুটির পরিবার।
Leave a Reply