
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপায় হত্যার পর এলাকায় লুটপাট বন্ধে বাদীপক্ষের সহযোগিতায় ব্যবস্থা নিয়েছে পুলিশ । রোববার সকাল থেকে দিনব্যাপী আসামীপক্ষের গরু-ছাগলসহ মালামাল নিরাপদ রাখতে স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়। সেসময় বাদিপক্ষের সামাজিক মাতব্বর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মালামাল বুঝে দেন। হত্যার ঘটনাকে পুজি করে তৃতীয় পক্ষ যেন লুটপাট না করে সেটা রুখতেই এই উদ্যোগ। আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক মোহন শেখ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের ছেলে আব্দুর রশিদ বাদি হয়ে ৪২ জনকে আসামী করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ এপ্রিল সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জেলা যুবদলের সদস্য আবু জাহিদ চৌধুীরর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত’র সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থন মোহন শেখকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
Leave a Reply