
শৈলকুপা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে অবৈধভাবে মজুত করা ২৫ বস্তা সরকারি বিএডিসি সার উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামের রতন লস্করের (৪০) মুদি দোকানে এ অভিযান চালানো হয়। তিনি ওই এলাকার আকামত আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের এসআই নকিব ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে হাকিমপুর গ্রামে রতন লস্করের মুদি দোকানে অভিযান চালান। এ সময় দোকানের পেছনের একটি কক্ষ তল্লাশি করে অবৈধভাবে লুকিয়ে রাখা ২৫ বস্তা বিএডিসি সার জব্দ করা হয়।
পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত সারগুলো নিয়মতান্ত্রিক উপায়ে স্থানীয় কৃষকদের মাঝে নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।
প্রশাসন ও কৃষি বিভাগের এই সময়োপযোগী যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন,
এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে সরকারি সার প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন এবং সার সিন্ডিকেট ও কালোবাজারি রোধ করা সম্ভব হবে।
Leave a Reply