
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের মাধ্যমে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ সদর মডেল থানা প্রাঙ্গণে শোভাবর্ধনকারী বিদেশি থাই চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণ শেষে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, “নওগাঁ জেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে আমাদের এই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে নওগাঁ সদর মডেল থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগকে আরও বেগবান করবে।
Leave a Reply