
মাহবুব লিটু কুড়িগ্রাম প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. বেলাল হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। খোজ নিয়ে জানা যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুরের বাসিন্দা বেলাল হোসেন। ১৯৯২ সালে এলজিইডিতে যোগদান করেন।এর আগে তিনি ডুয়েট গাজীপুরে প্রভাষক হিসেবে কর্মকত ছিলেন।শিক্ষা জীবনে তিনি রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. বেলাল হোসেনের অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে (গ্রেড-১) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চাকরি জীবনে তিনি মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গাইবান্ধা ও নীলফামারীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত ছিলেন।
Leave a Reply