
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের অভিযোগে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা জেলা পরিষদ পার্কের নিকট থেকে ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। এরপর তিনি ডিবি পুলিশকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।
ভুক্তভোগী রবিউল ইসলাম ও তার বন্ধু তানভির জেলা পরিষদ পার্ক এলাকায় ঘুরতে গেলে কয়েকজন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা ছিনিয়ে নেয়। তারা দুজনই শিক্ষার্থী এবং নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করেন।
ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে পুলিশ সুপার তাদের মামলা করার পরামর্শ দেন এবং ডিবিকে আসামি শনাক্তের নির্দেশনা দেন। পরে পার্ক এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ যাচাই এবং তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত মো. আব্দুল আহাদ (২০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ভুক্তভোগীরা তাকে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, আব্দুল আহাদের বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Leave a Reply