
মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁ
নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর ছেলে নবজাতক নিখোঁজের ঘটনায় এক সপ্তাহ পর পার্শ্ববর্তী উপজেলা থেকে প্রায় ৭ দিন বয়সী একটি ছেলে শিশু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মলিনা নামের এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নওগাঁ জেলা
শহরের বলাকা ক্লিনিকে জমজ সন্তানের প্রেগন্যান্সি রিপোর্ট অনুযায়ী প্রসবের পর একটি কন্যাসন্তান পাওয়া গেলেও ছেলে সন্তানটি পাওয়া যায়নি।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।
পরিবারটির জোরালো অভিযোগ ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক বা নার্সদের অবহেলার কারণেই তাদের ছেলে সন্তানটি নিখোঁজ বা চুরি হয়েছে।
অভিযোগ পাওয়ার পরপরই নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ইন্সপেক্টর ক্রাইমসহ পুলিশের একটি বিশেষ টিম ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আদমদীঘি উপজেলায় অল্প বয়সী একটি ছেলে শিশু এক নারীর কাছে রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও সিভিল টিম যৌথ অভিযান চালিয়ে মলিনা নামের এক নারীকে আটক করে এবং তার হেফাজত থেকে প্রায় সাত দিন বয়সী ওই ছেলে শিশুটিকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে গর্ভবতী দাবি করলেও পরবর্তীতে পুলিশের কাছে স্বীকার করেন যে, শিশুটিকে তিনি অন্য কোথাও থেকে সংগ্রহ করেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত এই শিশুটিই অভিযোগকারী পরিবারের নিখোঁজ সন্তান কি না, তা ডিএনএ টেস্ট বা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে এবং মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply