
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: মাদক ও অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে অপরাধ দমন ও মাদক প্রতিরোধে কার্যকর জনবান্ধব পুলিশিং গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ ও মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পুলিশ সুপার বলেন, জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ করেন। সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহ-সভাপতি আলহাজ মো. হানজালা, সহ-সভাপতি মো. শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. হিরো এবং ০৭ নম্বর ওয়ার্ড ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply