
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার মান্দা উপজেলায় জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে মান্দা থানাধীন ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হন স্বপন ঋষি (৩৫), পিতা- শ্রী দুলাল ঋষি, গ্রামের নাম ভারশো ঋষিপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। পুলিশের অভিযানে তার বসতবাড়ির সামনের বারান্দার নিচে বিশেষ কৌশলে মাটিচাপা দিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply