
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: জনগণের কাছ থেকে পুলিশ সুপারের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করে মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সদর মডেল থানাধীন কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সুকুমার চন্দ্র ভূঁইয়া (৩৮), সুমন ভূঁইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূঁইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূঁইয়া (৪৫) ও জয়ন্ত ভূঁইয়া (২০)। তারা নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া (দফতরীপাড়া), কোচগাড়ী এলাকার বাসিন্দা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply