
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর ও পত্নীতলা থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে নওগাঁ শহর থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডগামী সড়কের পাশে মদিনা থাই ও এসএস পাইপের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাইফুল (৪২), পিতা-মৃত লুতফর রহমান, গ্রাম-বর্ষাইল, থানা ও জেলা-নওগাঁ। অপরদিকে পত্নীতলা থানা এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফাজিলপুর গ্রামের আজাহার আলীর আমবাগানের সামনে দুই ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত রয়েছে। ডিবি সদস্যরা সেখানে অভিযান চালালে একজন পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হাসান বাবু (১৯), পিতা-নুরনবি, গ্রাম-মানিকুড়া উত্তরপাড়া, থানা-সাপাহার, জেলা-নওগাঁ। তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি পলাতক ব্যক্তির পরিচয় প্রকাশ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাজিলপুর গ্রামের মতিউর রহমান (৩১), পিতা-সোলেমান এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে আরও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানা ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply