
মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় এলাকার রাস্তাঘাট সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন পঞ্চক্রোশী ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ফকিরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী আকন্দ। এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply