
: ব্যাংকের ৩ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, আইফোনসহ সাতটি মোবাইল ফোন ও লুণ্ঠিত ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত ৬ অক্টোবর দুপুরে রানীনগরের পারইল বাজারসংলগ্ন বাংলালিংক টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে টাকা নিয়ে যাওয়ার সময় দুই কর্মচারীর পথরোধ করে লোহার পাইপ দিয়ে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রানীনগর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। পরে জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় বিপুল টাকা হারানোর পর ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং ছিনতাইয়ের পরিকল্পনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে বহিরাগত ছিনতাইকারীরাও জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply