
শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত মেদিনীপুর, মাধবখালী, মাটিলা ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা সড়কে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহিম খলিল (২৬) ও অনিক দাস (২৬) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক দুজন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সময়ে মাধবখালী বিওপির আওতাধীন মাধবখালী গ্রামের একটি আমবাগান থেকে হাবিলদার মোঃ আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিঘাট এলাকা থেকে সুবেদার মোঃ মোস্তাক আহমেদের নেতৃত্বে ৩৩ বোতল ভারতীয় সিরাপ ও ২০ বোতল মদ এবং নতুনপাড়া বিওপির আওতাধীন দলিল মিয়ার আম বাগান থেকে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে ১২৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply